ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দিনের সফরে ওয়াশিংটনে পৌঁছেছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে পা রাখার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অংশ নেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ড।
নরেন্দ্র মোদি এমন সময়ে যুক্তরাষ্ট্র সফর করছেন। যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তবে সফরের গুরুত্ব আরো বাড়িয়ে তুলেছে মোদির সঙ্গে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকগুলো, যা উভয় দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে ভূমিকা রাখবে।
মোদি বৃহস্পতিবারের দিন শুরু করেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজের সঙ্গে বৈঠকের মাধ্যমে। এরপর ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে তিনি ইলন মাস্কের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। বৈঠকে যুক্তরাষ্ট্র-ভারত প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

এদিকে মোদির সঙ্গে রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামীও সাক্ষাৎ করেন। তবে তার আগে তিনি দেখা করেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক তুলসী গ্যাবার্ডের সঙ্গে। এসব বৈঠক ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থকে কীভাবে প্রভাবিত করবে, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
ওয়াশিংটন সফরের আগে মোদি দুই দিনের ফ্রান্স সফর সম্পন্ন করেন। যেখানে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেই বৈঠকে প্রতিরক্ষা ও বাণিজ্যিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সূত্র জানিয়েছে।
নরেন্দ্র মোদি এই সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও বৈঠক করবেন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে মোদি বলেন, তিনি তাঁর “বন্ধু” ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনি ট্রাম্পের প্রথম মেয়াদে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে ভবিষ্যতেও সেই সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি মোদির প্রথম ওয়াশিংটন সফর। ফলে উভয় দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক কোন দিকে যায়, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

