সহিংসতা ও সাংবিধানিক সংকটে মণিপুরে রাষ্ট্রপতির শাসন, পুলিশের বন্দুক হামলায় নিহত ৩
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতা ও সাংবিধানিক সংকটের পর রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
গত ২১ মাস ধরে মণিপুরে জাতিগত সংঘর্ষ, রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার ফলে অন্তত ২৫০ জন প্রাণ হারিয়েছেন। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতার পর, ৯ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন। তার পদত্যাগের চার দিন পর, ১৩ ফেব্রুয়ারি কেন্দ্র সরকার রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করল।
এদিকে, রাজ্যের রাজধানী ইম্ফালের লাম্ফেল পুলিশ ক্যাম্পে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। যেখানে দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্য নিজের সহকর্মীদের ওপর গুলি চালিয়ে হত্যাযজ্ঞ চালান। পরে তিনি নিজেও আত্মহত্যা করেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১২০ নম্বর ব্যাটালিয়নের হাবিলদার সঞ্জয় কুমার নিজের সরকারি অস্ত্র ব্যবহার করে এক কনস্টেবল ও এক সাব-ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করেন। তার গুলিতে আরও আটজন গুরুতর আহত হন।
ঘটনার পরপরই উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের দ্রুত ইম্ফালের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সাইন্সেস (আরআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়।
এই হামলার পেছনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ অথবা সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধ থেকে এই হামলা ঘটতে পারে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে।
রাজ্যের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই প্রাণঘাতী হামলা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মণিপুরের চলমান সংকটের মধ্যে রাষ্ট্রপতির শাসন জারি ও নিরাপত্তা বাহিনীর অভ্যন্তরীণ সহিংসতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

