তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান পাকিস্তান সফর শেষ করে বৃহস্পতিবার দেশে ফিরে গেছেন। সফরকালে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে মোট ২৪টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যা বাণিজ্য, মিডিয়া, প্রতিরক্ষা এবং স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতের সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
প্রেসিডেন্ট এরদোগানকে উষ্ণ বিদায় জানানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, “আমরা দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়েছি। এই সফরটি দুই দেশের মধ্যে শক্তিশালী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
এ সফরে কূটনৈতিক সৌজন্যতা হিসেবে এরদোগান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, “আমার শুভকামনা থাকবে নওয়াজ শরিফের জন্য।” অন্যদিকে, নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার বাবার পক্ষ থেকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, নওয়াজ শরিফের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট এরদোগানের সুস্থতাও কামনা করেন।
দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন দুই নেতা। সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট এরদোগান পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটি পরিদর্শন করেন এবং দেশটির যুদ্ধবিমানগুলোর চিত্তাকর্ষক মহড়া প্রত্যক্ষ করেন।
দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে একটি বৃক্ষরোপণ করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত বিনিময় আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

