মধ্যপ্রাচ্য নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নীতি ও কৌশল সঠিক নয় বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী প্রচারণার ফাঁদে পড়লে এই অঞ্চলে সংঘাত আরো বাড়বে।
সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, ‘দুর্ভাগ্যবশত- যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চলের বিষয়ে ভুল বিশ্লেষণ করছে। তাদের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়, যা মধ্যপ্রাচ্যের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে। আশা করি, প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির পথে এগিয়ে যাবেন।’
গাজায় চলমান অস্থিরতা প্রসঙ্গে তিনি বলেন, যদিও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, তবুও আমি বাস্তবে এর কার্যকারিতা দেখতে পাচ্ছি না। মুসলিম বিশ্ব এখনো এ বিষয়ে ঐক্যবদ্ধ কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।
প্রসঙ্গত, ফিলিস্তিনের ভূখণ্ড দখলের ট্রাম্প প্রশাসনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। একই সঙ্গে- গাজায় ইসরায়েলের সামরিক হামলাকে ‘গণহত্যা’ বলে অভিহিত করে আঙ্কারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

