মার্কিন সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম বলে স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভবত এটি খুব, খুব, খুব কঠিন হবে। কঠিন পরিস্থিতিতে সুযোগ থাকলেও, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইউক্রেনের টিকে থাকার সম্ভাবনা কম।
এদিকে গত বুধবার (১২ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এটি ইউক্রেন সংকট সমাধানে ট্রাম্পের প্রথম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়াকে বাস্তবসম্মত মনে করেন না এবং কিয়েভ তার সম্পূর্ণ ভূখণ্ড ফিরে পাবে, সে সম্ভাবনাও কম।
উল্লেখ্য, ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায়। ইউক্রেন দখলকৃত অঞ্চল থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এবং ন্যাটো সদস্যপদ কিংবা সমতুল্য নিরাপত্তার গ্যারান্টির দাবি তুলেছে।
জেলেনস্কি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধ করতে চান না বরং তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং তার সামরিক বাহিনীকে পুনর্গঠনের জন্য যুদ্ধবিরতির আলোচনায় বসতে চাইছেন। তার ভাষায়, আসলে তিনি এটি-ই চান। যুদ্ধবিরতির মাধ্যমে তিনি সামরিক প্রস্তুতি নিতে এবং কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চান।
এদিকে, ট্রাম্প জানান, পুতিনের সঙ্গে তার এক ঘণ্টারও বেশি সময় ধরে ‘ভালো আলোচনা’ হয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আলোচনা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল।
জেলেনস্কির কার্যালয় জানিয়েছে, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার ফোনালাপ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়, যেখানে ট্রাম্প একে ‘খুব ভালো আলোচনা’ বলে অভিহিত করেছেন।

