ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সা’দায় হাজারো মানুষ একত্রিত হয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের মার্কিন পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার সা’দার মাজজ, ঘামর, আল-ধাহের, বকিম, কিতাফ, আল-বোকেই, আল-হাশওয়া, মনাব্বিহ ও কাটাবিরে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশটির আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, এসব বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা হাতে ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দেন এবং মার্কিন নীতির কঠোর সমালোচনা করেন।
সমাবেশে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি বলেন, আমেরিকার সামরিক শক্তি বা কূটনৈতিক তৎপরতা ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি ছাড়তে বাধ্য করতে পারবে না। তিনি ইয়েমেনের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে সতর্ক করেন যে, গাজার জনগণকে স্থানান্তরের চেষ্টা চালালে এর পরিণতি ভয়াবহ হবে।
আল-হুথি আরও বলেন, ইয়েমেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা অব্যাহত রাখে, তবে ইয়েমেন সামরিক পদক্ষেপ নিতে পারে।
সমাবেশে অংশগ্রহণকারীরা ঘোষণা করেন, তারা মার্কিন ও ইসরায়েলি চাপের কাছে নত হবেন না এবং ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে।

