নয়াদিল্লির কাছে উন্নতমানের এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির মার্কিন পরিকল্পনায় গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, এই সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে এবং কৌশলগত স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করে। সূত্র: দ্য ডন
এদিকে সন্ত্রাসবাদ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথ বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকাত আলী খান এই বিবৃতিকে ‘একপাক্ষিক’ ও ‘ভুলভাবে উপস্থাপিত’ বলে অভিহিত করেছেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ওয়াশিংটন সফরের সময় প্রকাশিত যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা ও পাঠানকোট ঘটনার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। পাশাপাশি পাকিস্তানের ভূখণ্ড যেন সীমান্তবর্তী সন্ত্রাসবাদে ব্যবহার না হয়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
এ প্রসঙ্গে শফকাত আলী খান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী সহযোগিতা চলমান থাকার পরও এ ধরনের একতরফা মন্তব্য আমাদের বিস্মিত করেছে।
তিনি আরো বলেন, ‘পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে কাজ চালিয়ে যাবে। তবে, যুক্তরাষ্ট্র-ভারতের যৌথ বিবৃতির মন্তব্যগুলো বিভ্রান্তিকর ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থি।’
পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মন্তব্যের সমালোচনা করে মুখপাত্র বলেন, ‘বিবৃতিতে ভারতের মানবাধিকার লঙ্ঘন ও ভিন্নমতাবলম্বীদের ওপর দমন-পীড়নের বিষয়টি উপেক্ষা করা হয়েছে।’
তিনি আরো যোগ করেন, এ ধরনের মন্তব্য ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ, ষড়যন্ত্র ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আড়াল করতে পারবে না।
পাকিস্তানের কূটনৈতিক অবস্থান তুলে ধরে মুখপাত্র বলেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করে যাব। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং সমস্যাটির দীর্ঘমেয়াদী সমাধানে কাজ করব।
এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী সপ্তাহে নিউইয়র্ক সফরে যাচ্ছেন। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

