যুক্তরাষ্ট্রে একযোগে ২০ জন অভিবাসন বিচারককে বরখাস্ত করা হয়েছে। কোনো ধরনের ব্যাখ্যা বা পূর্ব সতর্কতা ছাড়াই তাদের বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। ফেডারেল সরকারের আকার কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে।
আন্তর্জাতিক ফেডারেশন অফ প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল ইঞ্জিনিয়ার্সের সভাপতি ম্যাথিউ বিগস জানান, বরখাস্ত হওয়া বিচারকদের মধ্যে ১৩ জন এখনও শপথ গ্রহণ করেননি।
এছাড়া, পাঁচজন সহকারী প্রধান অভিবাসন বিচারককেও কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বরখাস্ত করা হয়েছে। একইভাবে গত সপ্তাহে আরো দুই বিচারককে পদচ্যুত করা হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ম্যাথিউ বিগস বলেন, ‘এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বরং সম্পূর্ণ বিভ্রান্তিকর।’
এদিকে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালত ব্যাপক মামলা জটের মুখে রয়েছে। বর্তমানে ৩.৭ মিলিয়নেরও বেশি মামলা স্থগিত রয়েছে, যার ফলে আশ্রয় আবেদন নিষ্পত্তিতে কয়েক বছর লেগে যাচ্ছে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অধীনে অভিবাসন পর্যালোচনা কার্যনির্বাহী অফিসে বড় পরিবর্তন আনা হয়েছে। ভারপ্রাপ্ত পরিচালক মেরি চেংয়ের স্থলে সির্সে ওউয়েনকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ওউয়েন এরই মধ্যে বেশ কয়েকটি নতুন নীতি প্রণয়ন করেছেন।
আবার নতুন নিয়োগপ্রাপ্ত অভিবাসন বিচারক কেরি ডয়েল জানান, তিনিসহ বাইডেন প্রশাসনের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারকদের গত শুক্রবার ই-মেলের মাধ্যমে বরখাস্তের তথ্য জানানো হয়। এর আগে তিনি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ডেপুটি জেনারেল কাউন্সেলর পদে কর্মরত ছিলেন।
ডয়েল তার লিংকডইন পোস্টে উল্লেখ করেন, এই বরখাস্তের ঘটনা এমন সময়ে ঘটলো, যখন অভিবাসন আদালতে প্রায় ৩.৫ মিলিয়ন মামলা স্থগিত রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় বিচার বিভাগের পক্ষ থেকে কংগ্রেসের কাছে অতিরিক্ত বাজেট চাওয়া হয়েছে।

