গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর দমনপীড়ন থামছে না। সামরিক বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা নতুন করে ফিলিস্তিনি নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। শনিবার থেকে অন্তত পাঁচটি হামলার ঘটনা ঘটেছে। সূত্র: আলজাজিরা।
পশ্চিম তীরের সালফিত শহরে সামরিক বাহিনী ভারী যানবাহনসহ অভিযান চালিয়ে সাবেক ফিলিস্তিনি বন্দি সাঈদ শাতায়েহর বাড়ি ঘেরাও করে তার পরিবারকে জোরপূর্বক উচ্ছেদ করেছে। শনিবার কারাগার থেকে মুক্তি পাওয়া শাতায়েহকে নিজ বাড়িতে ফিরতে না দিয়ে নির্বাসনে পাঠানো হয়েছে।
এদিকে জেনিন শহরের কাছে আররাবেহ এলাকায় এক ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করলে স্থানীয়দের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে দুই ফিলিস্তিনি শিশুকেও আটক করে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক সময়ে জেনিনে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অবৈধ বসতি স্থাপনকারীরাও সেনাবাহিনীর ছত্রছায়ায় ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। হেবরনের কাছের সুরিফ শহরে বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি আহত হয়েছেন।
এছাড়া, নাবলুসের জালুদ গ্রাম ও রামাল্লার উম সাফায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালানো হয়েছে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে গাজায় অস্থায়ী আবাসনে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। ফলে তীব্র শীতে ধ্বংসস্তূপে রাত কাটাতে বাধ্য হচ্ছেন বহু ফিলিস্তিনি নাগরিক।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে ভারী বোমার চালান পেয়েছে ইসরায়েল। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের পর ২ হাজার পাউন্ড ওজনের এই বোমার চালান পাঠানো হয়, যা আগে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল।
তেল আবিবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

