ইউক্রেন যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিনি রিয়াদে আসেন। সূত্র: রয়টার্স
এর পূর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং ইউক্রেন সংকট নিয়ে আলোচনার নির্দেশ দেন শীর্ষ কর্মকর্তাদের। এই আলোচনার ধারাবাহিকতায় সৌদিতে রুশ ও মার্কিন প্রতিনিধিদের বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ফোনালাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আলোচনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রিয়াদে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে একটি মার্কিন সূত্র।
তবে রাশিয়ার পক্ষ থেকে আলোচনায় কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
রুশ সংবাদপত্র কমার্স্যান্ট-এর প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রিয়াদে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক সময়ে এটি রুশ ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনা বলে মনে করা হচ্ছে। আলোচনা সফল হলে- পরবর্তীতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
রোববার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, ‘আগামী দিনগুলোই নির্ধারণ করবে পুতিন শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটা আন্তরিক।’

