ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দাদের ‘স্বেচ্ছায় প্রস্থান’ প্রক্রিয়া ত্বরান্বিত করতে নতুন একটি সরকারি দপ্তর প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
চীনা বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বলা হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ নতুন দপ্তরে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা থাকবেন। গাজাবাসীদের অন্য দেশে যাওয়ার প্রক্রিয়া সহজ করাই এর মূল উদ্দেশ্য।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, এই পরিকল্পনার আওতায় গাজা থেকে অন্য দেশে অভিবাসন করতে ইচ্ছুক যে কোনো বাসিন্দাকে সহায়তা প্যাকেজ দেওয়া হবে। এতে সমুদ্র, আকাশ ও স্থলপথে বিশেষ প্রস্থানের ব্যবস্থা থাকবে।
সোমবার ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে গাজার দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অঞ্চলটির পুনর্গঠনের প্রস্তাব দেন। এই পরিকল্পনার বিরুদ্ধে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং আরব-মুসলিম বিশ্বে নিন্দার ঝড় উঠেছে।

