কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উল্টে গেছে। দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
সোমবার মিনিয়াপোলিস থেকে আসা ফ্লাইটটিতে ৭৬ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছে।
দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত করা হয়নি। তবে শীতকালীন প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটছিল বলে জানা গেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রানওয়েতে বরফ জমে ছিল, যা দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, কানাডার পরিবহনমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, তিনি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

