ভ্যাটিকানের এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের দুই ফুসফুসেই নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তার বুকে সিটি স্ক্যান করা হলে এ সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। ৮৮ বছর বয়সী এই ধর্মগুরুর শ্বাসযন্ত্রের সংক্রমণ ও ‘ডাবল নিউমোনিয়া’ তার চিকিৎসাকে আরও কঠিন করে তুলেছে। সূত্র: রয়টার্স
ভ্যাটিকানের তথ্যমতে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে শ্বাসযন্ত্রজনিত সমস্যায় ভুগছেন পোপ। গত ১৪ ফেব্রুয়ারি তিনি রোমের জেমেলি হাসপাতালে ভর্তি হন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার সংক্রমণ ‘পলিমাইক্রোবিয়াল’- যা একাধিক অণুজীবের সংক্রমণের ফলে ঘটে। এই অবস্থায় তাকে কর্টিকোস্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়া হচ্ছে।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ডাবল নিউমোনিয়া গুরুতর স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। এতে উভয় ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হয় এবং শ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দেয়। পোপের জন্য এটি আরো উদ্বেগজনক, কারণ যৌবনে প্লুরিসি রোগে আক্রান্ত হয়ে তার একটি ফুসফুসের কিছু অংশ অপসারণ করতে হয়েছিল।
ভ্যাটিকানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, পোপ ফ্রান্সিস ভেন্টিলেটর ছাড়াই নিজে শ্বাস নিতে পারছেন এবং মানসিকভাবে সুস্থ রয়েছেন। তবে তার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে রোববার পর্যন্ত সব ধরনের প্রকাশ্য কর্মসূচি বাতিল করা হয়েছে।
সম্প্রতি তার চিকিৎসা পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে ভ্যাটিকান। পোপের স্বাস্থ্যের জটিলতা বেড়ে যাওয়ায় ওষুধ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পোপ ফ্রান্সিস একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগেছেন। তিনি বেশ কয়েকবার ফ্লুতে আক্রান্ত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে সায়াটিকা স্নায়ুর ব্যথায় ভুগছেন। ২০২৩ সালে অ্যাবডোমিনাল হার্নিয়ায় আক্রান্ত হয়ে তার অস্ত্রোপচারও করা হয়।

