মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন৷ যা তাদের মধ্যকার ব্যক্তিগত বিভেদকে আরও প্রকট করেছে। এর ফলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করে আসছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর মার্কিন নীতিতে পরিবর্তন দেখা গেছে। তিনি মস্কোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন। যা পূর্বের মার্কিন প্রশাসনের নীতির বিপরীত।
গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়। এই প্রসঙ্গে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করে বলেন, ‘নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। না হলে তাঁর আর কোনো দেশ থাকবে না।’ তবে ইউক্রেনের আইনে যুদ্ধকালীন সময়ে নির্বাচন না করার বিধান রয়েছে। যা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
এর আগে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জেলেনস্কির সমালোচনা করেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকের পর, ফ্লোরিডার পাম বিচে তার মালিকানাধীন মার-এ-লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়ে মত প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, চলতি মাসেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমি মনে করি, আমার এই যুদ্ধ শেষ করার ক্ষমতা আছে। আমার ধারণা, যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। কিন্তু আজ আমি ইউক্রেনের নেতাদের বলতে শুনেছি, “আহা, আমাদের আমন্ত্রণ জানানো হয়নি।” ভালো কথা, আমি বলতে চাই, আপনারা সেখানে তিন বছর ছিলেন। আপনাদের এটা শেষ করা দরকার ছিল।’
ট্রাম্পের এই মন্তব্যের ফলে ইউক্রেনের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, এটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে।

