প্রথমবার বিধায়ক হয়েই দিল্লির মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন রেখা গুপ্ত। বিজেপির সিদ্ধান্তে ভর করে তিনি দিল্লির প্রথমবার নির্বাচিত বিধায়ক হিসেবে এই দায়িত্ব পেতে চলেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় ঐতিহাসিক রামলীলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তিনি শপথ নেবেন।
দিল্লি পৌরসভার কাউন্সিলর হিসাবে তিনবার নির্বাচিত হয়েছেন রেখা গুপ্ত। ২০২২ সালের ডিসেম্বরে শেষবার তিনি এই পদে জয়ী হন। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মেয়র নির্বাচনে আম আদমি পার্টির (আপ) প্রার্থী শেলি ওবেরয়ের কাছে ৩৪ ভোটের ব্যবধানে পরাজিত হন। এবার এক বছর পর- ফের ফেব্রুয়ারিতে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে আসীন হতে চলেছেন।
এই বিধানসভা নির্বাচনে চাঁদনি চক এলাকার শালিমার বাগ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে রেখা গুপ্ত ২৯ হাজারেরও বেশি ভোটে আপ প্রার্থী বন্দনা কুমারীকে পরাজিত করেন।
উল্লেখ্য, ২০১৫ ও ২০২০ সালের বিধানসভা নির্বাচনে বন্দনার কাছে পরাজিত হয়েছিলেন তিনি।
রেখা গুপ্ত হলেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। এর আগে সুষমা স্বরাজ, শীলা দীক্ষিত এবং আতিশী মার্লেনা এই পদ অলঙ্কৃত করেছেন। ১৯৯৮ সালে দিল্লির ক্ষমতা হারানোর সময়ও বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন এক নারী নেত্রী- সুষমা স্বরাজ।
রাজনৈতিক জীবন-
১৯৭৪ সালে হরিয়ানার জুলানায় জন্মগ্রহণ করেন রেখা গুপ্ত। তিনি দিল্লির দৌলতরাম কলেজ এবং উত্তরপ্রদেশের মেরঠের চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। নব্বইয়ের দশকে তিনি সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির নেত্রী ছিলেন। ১৯৯৫ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং পরের বছর সভাপতি পদেও জয়ী হন। ২০০৭ সালে প্রথমবার দিল্লি পৌরসভায় নির্বাচিত হন এবং পরবর্তীতে যুব মোর্চার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিজেপির মহিলা মোর্চার অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি।
গত ৫ ফেব্রুয়ারি দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয়লাভ করে। যদিও মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা নিজে জিতেছেন, তবে আম আদমি পার্টি (আপ) মাত্র ২২টি আসনে সীমাবদ্ধ থাকে এবং টানা ১০ বছর ক্ষমতায় থাকার পর হার স্বীকার করে।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের একমাত্র নারী মুখ্যমন্ত্রী ছিলেন। বিজেপির এই জয়ের ফলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল যে তিনি কি একক নারী মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। কিন্তু রেখা গুপ্তের মুখ্যমন্ত্রী হওয়ায় সেই জল্পনার অবসান ঘটেছে।

