মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের চলমান সংঘাত নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়।’ তবে একইসঙ্গে তিনি এ ধরনের যুদ্ধ প্রতিরোধের ওপর গুরুত্ব দিচ্ছেন বলেও জানিয়েছেন।
বুধবার ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউটের অগ্রাধিকার শীর্ষ সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে সংঘাত নিরসন ও শান্তি পুনঃপ্রতিষ্ঠায় আমি দ্রুত অগ্রসর হচ্ছি। আমি চাই না, এই সংঘাতে বিপুল প্রাণহানি ঘটুক।’
ট্রাম্প আরো বলেন, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও ইউক্রেনে যে প্রাণহানি ঘটছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা দ্রুত এ সংঘাতের অবসান ঘটাতে চাই। তৃতীয় বিশ্বযুদ্ধ কারও জন্যই লাভজনক হবে না। এটি খুব বেশি দূরে নয় এবং কেউই নিরাপদ নয়। যদি প্রেসিডেন্ট জো বাইডেন আরেক বছর দায়িত্বে থাকতেন, তবে বিশ্ব হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যেত। তবে এখন আর সেটি ঘটবে না।
এদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজন ও সমর্থনের জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি এটিকে একটি ‘বড় পদক্ষেপ’ বলে উল্লেখ করেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি সমালোচনা করতে ছাড়েননি।
ট্রাম্প বলেন, জেলেনস্কি একজন সফল কৌতুক অভিনেতা হলেও এখন তিনি নির্বাচন ছাড়াই স্বৈরশাসক হিসেবে ক্ষমতায় রয়েছেন। তাঁর এ মন্তব্য রাশিয়া-ইউক্রেন সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমি ইউক্রেনকে ভালোবাসি, তবে জেলেনস্কির নেতৃত্বে দেশটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। যদি আপনি উভয় পক্ষের সঙ্গে কথা না বলেন, তবে কখনোই যুদ্ধের অবসান ঘটাতে পারবেন না।
ট্রাম্প আশা প্রকাশ করেন, খুব শিগগিরই ইউরোপ ও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে।

