গাজায় চলমান সংঘাতের মধ্যে ইসরাইলি হামলায় নিহত জিম্মিদের লাশ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। প্রতিবারের মতো এবারও লাশ হস্তান্তরের আগে বিশেষ মঞ্চ তৈরি করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলে নিহত চার ইসরাইলি নাগরিক- শিরি বিবাস, এরিয়েল বিবাস, কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজের মরদেহ ফেরত দেওয়ার আগে মঞ্চ স্থাপন করা হয়।
অনুষ্ঠানস্থলে একটি ব্যানারে নিহতদের ছবি প্রদর্শন করা হয়। একই সঙ্গে ব্যানারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে রক্তশোষক হিসেবে চিত্রিত করা হয়। সেখানে আরবি, ইংরেজি ও হিব্রু ভাষায় লেখা ছিল, যুদ্ধাপরাধী নেতানিয়াহু এবং তার সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান দিয়ে হত্যা করেছে।
অন্য একটি ব্যানারে লেখা ছিল, যুদ্ধের প্রত্যাবর্তন, কফিনে আপনার বন্দিদের ফিরে আসা। পাশাপাশি এক প্ল্যাকার্ডে উল্লেখ করা হয়, সংখ্যায় জায়োনিজম ও নাৎসিজম এক।
এদিকে, ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত চারজনের মরদেহ ফেরত পাওয়ার পাশাপাশি আরও ছয়জন জীবিত জিম্মিকে মুক্ত করা হবে। তারা হলেন- শিরি বিবাস, তার দুই ছেলে এরিয়েল ও কেফির বিবাস এবং ওদেদ লিফশিটজ। হামাসের হাতে ৫০৩ দিন বন্দি থাকার পর তারা মুক্তি পাচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর নিজ বাড়ি থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিল হামাস।
উল্লেখ্য, এ পর্যন্ত হামাস ১৯ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে, যার বিনিময়ে ১,১০০ ফিলিস্তিনি বন্দির মুক্তি নিশ্চিত করা হয়েছে।

