পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বাসযাত্রীদের ওপর সশস্ত্র হামলায় সাতজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার লাহোরগামী একটি বাসে হামলার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রশাসনিক কর্মকর্তারা জানান, বেলুচিস্তানের বারখান এলাকায় অস্ত্রধারী প্রায় ৪০ জন দুর্বৃত্ত কয়েকটি বাস ও যানবাহন থামিয়ে যাত্রীদের পরিচয়পত্র তল্লাশি করে। পরে তারা সাতজনকে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করে। নিহতদের সবাই মধ্যাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাসিন্দা বলে নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা ওয়াকার খুরশিদ আলম।
বারখানের সহকারী কমিশনার খাদিম হুসেন জানান, হামলাটি বারখান ও পাঞ্জাবের দক্ষিণাঞ্চলীয় শহর ডেরা গাজী খানকে সংযোগকারী সড়কে ঘটে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, পাশাপাশি হত্যাকাণ্ডের উদ্দেশ্যও নিশ্চিত হওয়া যায়নি। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে, তবে হামলাকারীরা পালিয়ে যায়।
এর আগে গত শুক্রবার কয়লাখনির শ্রমিকদের বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত ও ছয়জন আহত হন।
বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান সরকারের সংঘর্ষ চলছে। এই গোষ্ঠীগুলো বৃহত্তর স্বায়ত্তশাসন এবং প্রাকৃতিক সম্পদের অংশীদারত্বের দাবিতে লড়াই করছে। গত আগস্টে পাকিস্তানে একাধিক হামলার ঘটনা ঘটে, যার মধ্যে রাস্তার পাশে পুঁতে রাখা বিস্ফোরণে ২৩ জন নিহত হন। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছিল।
বিদ্রোহী গোষ্ঠীগুলো পাকিস্তান সরকারের পাশাপাশি চীনা নাগরিকদেরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। বেলুচিস্তানে চীনের পৃষ্ঠপোষকতায় গোয়াদার গভীর সমুদ্রবন্দরের কাজ চলমান, যা এই অঞ্চলে হামলার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

