কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অনুসারীদের উদ্দেশে একটি রহস্যময় বার্তা পোস্ট করেন। তিনি লিখেছিলেন, “যে ব্যক্তি নিজের দেশকে রক্ষা করে, সে কোনো আইন লঙ্ঘন করে না।” এই বক্তব্য অনেকটা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের একটি বিখ্যাত উক্তির মতো শোনালেও, জনশ্রুতি আছে যে ট্রাম্প বই পড়েন না, সিনেমাও দেখেন না। ফলে প্রশ্ন ওঠে, এই কথাটি তাঁর নিজের চিন্তা নাকি তাঁর সহযোগী ইলন মাস্ক বা অন্য কেউ তাঁকে জোগান দিয়েছেন।
ট্রাম্প বরাবরই বিশ্বাস করেন যে তিনি আইনের ঊর্ধ্বে। তাঁর ধারণা, ঈশ্বর তাঁকে প্রেসিডেন্ট বানিয়েছেন। ফলে তিনি কোনো শাস্তির মুখোমুখি হবেন না। তাঁর এই মনোভাব ফরাসি রাজা চতুর্দশ লুইয়ের বিখ্যাত উক্তি “আমিই রাষ্ট্র”-এর সঙ্গে বেশি মানানসই। ট্রাম্পের সাম্প্রতিক কার্যকলাপ দেখে মনে হচ্ছে, তিনি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চান।
তিনি কখনোই সংবিধান রক্ষার প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে চাননি। বরং কংগ্রেস ও আদালতকে অবজ্ঞা করেছেন। বর্তমানে তিনি প্রেসিডেন্ট না হয়েও একজন স্বৈরশাসকের মতো আচরণ করছেন। যা খুশি তা-ই করছেন, পরিণতির পরোয়া না করেই।
যদি জনমত জরিপকে নির্ভরযোগ্য ধরা হয়, তবে দেখা যায় যে বেশির ভাগ মার্কিন নাগরিক খুশিমনে গণতন্ত্রের অবশিষ্ট অংশকে বিসর্জন দিতে প্রস্তুত। তাঁরা মনে করেন, দাপুটে নেতা ট্রাম্পই তাঁদের রক্ষা করতে পারেন। যুক্তরাষ্ট্রকে দেশীয় ও আন্তর্জাতিক শত্রুদের হাত থেকে বাঁচাতে পারেন, সেটি বাস্তব হোক বা কল্পনার জগতে।
প্রশ্ন হলো, কেন এত মার্কিন ট্রাম্পের মতো একজন বেপরোয়া ব্যক্তির পেছনে ছুটছেন? কেন তাঁরা এমন উৎসাহ নিয়ে এমন একজনকে সমর্থন দিচ্ছেন। যিনি সমতার আদর্শকে অপ্রাসঙ্গিক ও বিরক্তিকর বলে মনে করেন? অথচ এই আদর্শই একসময় যুক্তরাষ্ট্রকে প্রজাতন্ত্র হিসেবে গড়ে তুলেছিল।
এটি বোঝা যায় যে বেশির ভাগ মার্কিন গণতন্ত্রকে পরিত্যাগ করেছেন; কারণ, গণতন্ত্রই তাঁদের পরিত্যাগ করেছে। দেশের পতাকা, বুকে হাত রেখে শপথ গ্রহণ—এসব এখন আর আগের মতো আবেগ সৃষ্টি করে না। দেশের ক্ষমতাশালী ধনীরা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করেন—এই বিশ্বাসও অনেকের কাছে মৃতপ্রায়।
এই পরিস্থিতির পেছনে কয়েকটি বড় ঘটনা দায়ী। প্রথমত, ২০০৩ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করেছিল। দাবি করা হয়েছিল, স্বৈরশাসক সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র রয়েছে। পরে এটি মিথ্যা প্রমাণিত হয়। কিন্তু এই যুদ্ধে অসংখ্য নিরপরাধ মানুষ প্রাণ হারান। যুদ্ধবিরোধীদের দমন করতেই গণতন্ত্রের কাঠামোকে ব্যবহার করা হয়েছিল।
দ্বিতীয় বড় ঘটনা ২০০৫ সালের হারিকেন ক্যাটরিনা। এ প্রাকৃতিক দুর্যোগে হাজার হাজার বাড়ি-ঘর ডুবে যায়। ১৪০০-র বেশি মানুষ মারা যান। কিন্তু প্রেসিডেন্ট বুশ প্রশাসনের ব্যর্থতা ঢাকতে নিজের সরকারের প্রশংসা করতে থাকেন। হেলিকপ্টার থেকে ধ্বংসযজ্ঞ পর্যবেক্ষণ করা তাঁর ছবিটি আজও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক করুণ দৃষ্টান্ত হয়ে আছে।
তৃতীয় ঘটনা ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকট। বড় বড় ব্যাংকগুলোর দুর্নীতির কারণে এই সংকট তৈরি হয়। অথচ করদাতাদের ৭.৭ ট্রিলিয়ন ডলার ব্যয় করে তাঁদের রক্ষা করা হয়। সাধারণ মানুষের দুর্ভোগ তখন সরকারের কাছে গুরুত্ব পায়নি। এই সংকট ‘গ্রেট রিসেশন’ নামে পরিচিত।
এত কিছুর পর যুক্তরাষ্ট্রের জনগণ নতুন আশার আলো দেখেছিলেন বারাক ওবামার মাধ্যমে। তিনি বলেছিলেন, তিনি শ্রমজীবী ও মধ্যবিত্তদের প্রতিনিধি। তাঁর বিখ্যাত স্লোগান ছিল—‘হ্যাঁ, আমরা পারি।’ কিন্তু বাস্তবে দেখা গেল, ওবামার প্রশাসনও ধনী শ্রেণির স্বার্থই রক্ষা করেছে। ব্যাংক জালিয়াতদের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এতে জনগণের হতাশা আরও বাড়ে।
এই হতাশাই ডোনাল্ড ট্রাম্পের উত্থানকে সহজ করে তোলে। ট্রাম্প কঠিন সমস্যার গভীরে যেতে চান না, বরং সহজ সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয় করেন। যুক্তরাষ্ট্রের জনগণ এখন এক প্রতারকের কাছেই মুক্তির আশ্রয় খুঁজছেন। তবে বাস্তবতা বলছে, তাঁরা আবারও আশাহত হবেন—এটা এখন কেবল সময়ের ব্যাপার।

