ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আওতায় মিসর থেকে গাজা উপত্যকায় প্রথমবারের মতো মোবাইল হোমের চালান পাঠানো হয়েছে। মিসরীয় টেলিভিশন চ্যানেল আল কাহেরা নিউজ জানিয়েছে, পাঁচটি ট্রাক নিয়ে ১৫টি মোবাইল হোম এবং একটি বুলডোজার রাফাহ সীমান্ত ক্রসিংয়ের মিসরীয় অংশ অতিক্রম করে গাজায় প্রবেশের জন্য প্রস্তুত হয়েছে। এই চালানটি কারেম আবু সালেম টার্মিনালের (হিব্রু ভাষায় কেরেম শালোম) মাধ্যমে গাজায় প্রবেশ করেছে। যেখানে এটি সীমান্তের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে গাজায় পৌঁছানোর অনুমতি পেয়েছে।
বর্তমানে গাজা উপত্যকায় বহু বাসগৃহ ইসরাইলি সামরিক বাহিনীর আক্রমণে ধ্বংস হয়ে গেছে। এই কারণে গাজার অধিকাংশ মানুষ এখন তাদের বাসস্থানে ফিরতে পারছে না এবং বাধ্য হয়ে রাস্তায় আশ্রয় নিতে হচ্ছে। এ পরিস্থিতিতে মোবাইল হোমের চালানটি একটি গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা হিসেবে দেখা হচ্ছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, রাফাহ সীমান্ত ক্রসিং থেকে মোবাইল হোমের ট্রাকগুলো চলতে শুরু করেছে। যা গাজার দিকে যাচ্ছিল। তবে এই বিষয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
এখন পর্যন্ত যুদ্ধবিরতির আওতায় এই মানবিক সহায়তা চালানটি গাজার বাসিন্দাদের জন্য একটি আশার আলোর মতো দেখা হচ্ছে। যারা নিজেদের ঘর-বাড়ি হারিয়ে মানবেতর অবস্থায় রয়েছেন।

