ইসরাইলের বাত ইয়াম শহরে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তত তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। তেল আবিবের দক্ষিণে অবস্থিত এই শহরের তিনটি আলাদা পার্কিং এলাকায় খালি বাসগুলোতে বিস্ফোরণ ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, বিস্ফোরিত বাসগুলো খালি ছিল এবং এই বিস্ফোরণের ঘটনায় সন্দেহ করা হচ্ছে যে, এটি একটি সন্ত্রাসী হামলা।
বিস্ফোরণের পর পুরো বাত ইয়াম শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। সেখান থেকে আসা তথ্য অনুযায়ী, আরো দুটি বাসে বিস্ফোরক থাকার খবর পাওয়া গেলেও সেগুলো বিস্ফোরিত হয়নি। সন্দেহভাজনদের খোঁজে পুরো শহরজুড়ে তল্লাশি অভিযান চলছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একটি অবিস্ফোরিত ডিভাইসে ৫ কেজি ওজনের বিশেষ বার্তা পাওয়া গেছে। যেখানে লেখা ছিল “তুলকারেম থেকে প্রতিশোধ।” উল্লেখ্য, তুলকারেম পশ্চিম তীরের একটি শহর। যেখানে ইসরাইলি বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানের কারণে উত্তেজনা বৃদ্ধি পেয়েছিল। ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে ওই অঞ্চলের প্রতিশোধমূলক কারণ রয়েছে।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার পর নতুন করে পশ্চিম তীরের শরণার্থী শিবিরে অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সর্বশেষ আপডেট দেওয়া হচ্ছে।
এদিকে বিস্ফোরণের ঘটনার পর ইসরাইলজুড়ে বাস, ট্রেন ও রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা বাহিনী অন্যান্য যানবাহনেও তল্লাশি চালাচ্ছে। কারণ সেগুলোতে বিস্ফোরক থাকতে পারে। জনসাধারণকে সতর্ক থাকতে এবং সন্দেহজনক কোনো বস্তু দেখলে নিরাপত্তা বাহিনীকে জানাতে বলা হয়েছে।
এখন পর্যন্ত পরিস্থিতি শঙ্কাজনক হলেও, ইসরাইলের নিরাপত্তা বাহিনী হামলার উৎস খুঁজে বের করার জন্য কাজ করে যাচ্ছে এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

