বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) হোয়াইট হাউসের তিন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে। শুক্রবার ওয়াশিংটনের একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করা হয়।
সংবাদ সংস্থাটি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কয়েকটি অনুষ্ঠানে তাদের সাংবাদিকদের অংশগ্রহণে বাধা দেওয়া হয়েছে। এপি দাবি করেছে, এই পদক্ষেপ মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে নিশ্চিত করা মতপ্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করেছে।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন হোয়াইট হাউসের প্রধান কর্মকর্তা সুসান ওয়াইলস, উপপ্রধান কর্মকর্তা টেইলর বুদোউইচ এবং প্রেস সচিব ক্যারোলাইন লেভিট।
এ বিষয়ে ওয়াশিংটনে এক সম্মেলনে ক্যারোলাইন লেভিট বলেন, আমরা বিশ্বাস করি, আমরা সঠিক অবস্থানে রয়েছি। হোয়াইট হাউসে সত্য ও নির্ভুলতার পরিবেশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ‘মেক্সিকো উপসাগরের’ নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার জন্য এক নির্বাহী আদেশ জারি করেন। তবে এ সংক্রান্ত প্রতিবেদনে পরিবর্তন আনতে অস্বীকৃতি জানায় এপি। এর পরিপ্রেক্ষিতে গত ১০ দিন ধরে এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’-এও তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: এএফপি

