যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে কয়েক সপ্তাহের অস্থিরতার পর দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল চার্লস কিউ ব্রাউন জুনিয়রকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সিদ্ধান্তের মাধ্যমে সামরিক নেতৃত্ব নির্বাচনে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েছেন তিনি।
জেনারেল ব্রাউন ছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান। যুদ্ধবিমানের চার তারকাবিশিষ্ট এই পাইলট ছিলেন আফ্রিকান-আমেরিকান দ্বিতীয় ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
বরখাস্তের পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত তিন তারকাবিশিষ্ট জেনারেল ড্যান কেইন। ছয় বছর আগে ইরাকে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর থেকেই তিনি প্রেসিডেন্টের আস্থাভাজন হয়ে ওঠেন।
গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, জয়েন্ট চিফস অব স্টাফের পরবর্তী চেয়ারম্যান হিসেবে আমি বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে মনোনীত করছি।
তিনি আরো বলেন, জেনারেল কেইন দক্ষ পাইলট, জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ, সফল উদ্যোক্তা এবং একজন যুদ্ধসংক্রান্ত কৌশলবিদ। আন্তঃসংস্থা ও বিশেষ অভিযানের ক্ষেত্রে তাঁর রয়েছে উল্লেখযোগ্য অভিজ্ঞতা।
সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তনের পরও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান পদে বহাল থাকেন। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রশাসনের নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে হোয়াইট হাউস ও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন, তাঁরা শীর্ষ সামরিক পদগুলোতে নিজস্ব পছন্দের ব্যক্তিদের নিয়োগ দিতে চান।

