গাজার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় কার্যকর না করায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, নেতানিয়াহু চুক্তি বানচাল করতে ‘নোংরা খেলা’ খেলছেন।
হামাসের অভিযোগ, ইসরায়েল চুক্তির দ্বিতীয় পর্যায়ের বিষয়ে কোনো আলোচনা করছে না, যদিও এই ধাপে সব ইসরায়েলি বন্দির মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল।
চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, গাজা থেকে সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এই শর্তের অধিকাংশই লঙ্ঘিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র সদস্য বাসেম নাইম বলেন, আমরা মনে করি- এটি ডানপন্থি সরকারের একটি কৌশল, যা চুক্তি বানচাল ও যুদ্ধের দিকে ফেরার বার্তা দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে। সূত্র: আল জাজিরা
তিনি জানান, হামাস চুক্তির সব শর্ত মেনে চলেছে কিন্তু ইসরায়েল চুক্তি লঙ্ঘন করেছে। নাইমের দাবি, প্রথম পর্যায়ে ১০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নির্ধারিত মানবিক সহায়তার অধিকাংশ গাজায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েল বিলম্ব করেছে।
এর আগে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তারা হামাসের অভিযোগ সত্য বলে স্বীকার করেছেন। তবে সরকারিভাবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।
চুক্তি অনুযায়ী, ইসরায়েল গাজায় ৬০ হাজার ভ্রাম্যমাণ ঘর ও ২ লাখ তাঁবু প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমানে গাজার ২৪ লাখ মানুষের ৯০ শতাংশ বাস্তুচ্যুত এবং অঞ্চলটির বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এদিকে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী শনিবার আরও ছয় ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে বিনিময়ে ছয় শতাধিক ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও নেতানিয়াহু তা স্থগিত করেছেন।
রোববার ইসরায়েল ঘোষণা করেছে, তারা শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তির পরিকল্পনা পিছিয়ে দিয়েছে, যতক্ষণ না হামাস তাদের শর্ত পূরণ করে। ইসরায়েলের এই সিদ্ধান্ত গাজার যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুরতা স্পষ্ট করছে।
প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েল ৬২০ জন ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত রেখেছে, যতক্ষণ না পরবর্তী দফায় জিম্মিদের মুক্তি নিশ্চিত হচ্ছে এবং অপমানজনক আনুষ্ঠানিকতা ছাড়া তাদের হস্তান্তর করা হয়।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলায় ৪৮,৩১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও ১৩,০০০ জনেরও বেশি মানুষকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে হামাসের হামলায় ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২৪০ জনকে বন্দী করা হয়।

