রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে। এ বৈঠকের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার প্রতি পশ্চিমা দেশগুলোর কড়া অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
শনিবার রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াকভ জানান, বৈঠকে শুধু ইউক্রেন সংকট নয়, বৈশ্বিক নানা ইস্যুতেও আলোচনা হতে পারে। তিনি বলেন, মূল প্রশ্ন হলো- যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া এবং সম্ভাব্য জটিল ও বিপজ্জনক পরিস্থিতির সমাধানের পথ খোঁজা।
তবে তিনি স্বীকার করেন, এ বৈঠকের আয়োজন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতি প্রয়োজন।
কূটনৈতিক তৎপরতা বাড়ছে-
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রীর মতে, আগামী দুই সপ্তাহের মধ্যে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা সহজ করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিরা বৈঠকে বসতে পারেন।
সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা বৈঠক করেছেন। ওই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা ইউক্রেন যুদ্ধের অবসান এবং কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের বিষয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বার্তা সংস্থা এপি’কে জানান, দুই পক্ষ তিনটি মূল লক্ষ্য নির্ধারণ করেছে-
১. ওয়াশিংটন ও মস্কোর দূতাবাসগুলোতে স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা।
2. ইউক্রেন শান্তি আলোচনায় সহায়তার জন্য উচ্চ পর্যায়ের টিম গঠন।
3. পারস্পরিক সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান করা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই বৈঠককে ‘গঠনমূলক’ উল্লেখ করে বলেন, আলোচনা কেবল শুরু হয়েছে- তবে আরো অনেক কাজ বাকি রয়েছে।
ইউক্রেন ও পশ্চিমা প্রতিক্রিয়া-
এ বৈঠকে ইউক্রেনের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ক্রমশ চাপে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি স্পষ্টভাবে জানিয়েছেন, কিয়েভের অংশগ্রহণ ছাড়া গৃহীত কোনো সমাধান তারা মেনে নেবে না।
এদিকে ইউরোপের মিত্ররা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে। জেলেন্সকি সৌদি আরবে নির্ধারিত এক সফরও স্থগিত করেছেন, যা এ বিষয়ে কিয়েভের অসন্তোষের ইঙ্গিত বহন করছে।

