ভ্যাটিকান কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে রোববার (২৩ ফেব্রুয়ারি) এমনটাই তথ্য পাওয়া যায়।
৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিসকে ব্রঙ্কাইটিসের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমের অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া শনাক্ত হয়।
ভ্যাটিকানের বিবৃতিতে জানানো হয়, পোপ দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছেন এবং গতকালের তুলনায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, ‘মহান ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক এবং তিনি বিপদমুক্ত নন।’
পোপ ফ্রান্সিস তার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলেও শারীরিক দুর্বলতা বেড়েছে। ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত অক্সিজেন এবং রক্তসঞ্চালনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। পরীক্ষায় তার প্লাটিলেট কমে যাওয়ার বিষয়টিও ধরা পড়েছে।
এর আগে, ১৭ ফেব্রুয়ারি ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিসকে ‘জটিল শারীরিক অবস্থার’ কারণে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসনালীতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) ধরা পড়ায় চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। তবে তার শরীরে জ্বর নেই এবং নির্ধারিত চিকিৎসা চলমান রয়েছে।
পরবর্তীতে, ২০ ফেব্রুয়ারি ভ্যাটিকানের আরেক বিবৃতিতে জানানো হয়, পোপের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং সে সময় তার জ্বর ছিল না।
এদিকে, পোপের সম্ভাব্য পদত্যাগ নিয়ে কথা বলেছেন কার্ডিনাল জ্যঁ মার্ক অ্যাভেলিন ও কার্ডিনাল হুয়ান হোসে ওমেলা। কার্ডিনাল ওমেলা বলেন, ‘পোপ বদলায়, বিশপরা বদলায়, প্যারিসের পুরোহিতরাও বদলায়- কিন্তু গির্জার ধারা অব্যাহত থাকে।’

