মার্কিন ফেডারেল কর্মীদের ইমেইলের মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাজের ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক কর্মীদের এই ইমেইলের উত্তর দিতে বা পদত্যাগ করতে বলেছেন, তবে এফবিআই ও পররাষ্ট্র দপ্তর এ নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মাস্ক লিখেছেন, প্রেসিডেন্ট @realDonaldTrump-এর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে, শীঘ্রই সমস্ত ফেডারেল কর্মী একটি ইমেইল পাবেন। ইমেইলে কর্মীরা গত সপ্তাহে কী কাজ করেছেন, তা জানানোর অনুরোধ করা হবে। এতেও বোঝা যাবে, আসলেই তিনি কি কাজ করেছেন। কোনো কর্মী ইমেইলের জবাব না দিলে সেটা পদত্যাগ হিসেবে বিবেচিত হবে।
তবে, এই উদ্যোগের বিরোধিতা করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং পররাষ্ট্র দপ্তর। এফবিআই পরিচালক কাশ প্যাটেল কর্মীদের নির্দেশ দিয়েছেন আপাতত ইমেইলের উত্তর না দিতে। তিনি জানিয়েছেন, সংস্থাটি নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের কাজ পর্যালোচনা করবে। একই অবস্থান নিয়েছে পররাষ্ট্র দপ্তরও- যারা তাদের কর্মীদের ইমেইলের উত্তর ‘না’ দিতে বলেছে।
এনবিসি নিউজের এক প্রতিবেদনে দেখা যায়, ফেডারেল কর্মীদের ইতোমধ্যে একটি করে ইমেইল পাঠানো হয়েছে, যেখানে তাদের সপ্তাহব্যাপী কাজের সংক্ষিপ্ত তালিকা দিতে বলা হয়েছে। তবে মাস্কের পোস্টের মতো সরাসরি পদত্যাগের হুমকি ইমেইলে উল্লেখ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট থেকে কর্মীদের কাছে এই ইমেইল পাঠানো হয়েছে। এতে কর্মীদের পাঁচটি বুলেট পয়েন্টের মাধ্যমে তাদের কাজের তালিকা জমা দিতে বলা হয়েছে এবং সেই ইমেইল ম্যানেজারদেরও সিসি করতে নির্দেশ দেওয়া হয়েছে। গোপনীয় তথ্য, লিঙ্ক বা সংযুক্তি সংযুক্ত না করার নির্দেশনা থাকলেও- সোমবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে উত্তর দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের রাষ্ট্রদূত টিবর পি. নাগি কর্মীদের এক ইমেইলে জানিয়েছেন, দপ্তরের পক্ষ থেকে কর্মীদের হয়ে জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন, কোনও কর্মী তার নিজস্ব দপ্তরের নির্দেশনার বাইরে গিয়ে কাজের প্রতিবেদন দিতে বাধ্য নন।

