ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তবে তিনি প্রেসিডেন্টের পদ ছেড়ে দিতে প্রস্তুত। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এর আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছিলেন। যার পরই জেলেনস্কি এই ঘোষণা দিলেন।
সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘যদি আপনাদের মনে হয় যে, আমি এই পদে থাকা উচিত না, আমি তা ছেড়ে দিতে রাজি। ন্যাটোর সদস্যপদের বিনিময়ে প্রেসিডেন্ট পদ ছাড়তে আমি প্রস্তুত।’ ট্রাম্পের মন্তব্য নিয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিরক্ত হইনি। তবে যদি আমি স্বৈরশাসক হতাম, তাহলে হয়তো বিরক্ত হতাম।’
২০১৯ সালে গণতান্ত্রিকভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হন ভলোদিমির জেলেনস্কি। তবে ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করলে, ইউক্রেনে সামরিক শাসন জারি করা হয় এবং নির্বাচন স্থগিত হয়। বর্তমানে তিনি দেশটির নিরাপত্তার বিষয়ে বেশি মনোযোগী। তিনি জানান, ‘এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা আমার লক্ষ্য নয়।’
ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। সম্প্রতি সৌদি আরবে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছেন তাঁর প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে সে আলোচনায় ইউক্রেনের স্থান ছিল না। ট্রাম্প বিভিন্ন সময়ে জেলেনস্কির প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেছেন।
এদিকে আজ সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের নেতারা আসছেন। তারা ইউক্রেনের নিরাপত্তা ও সমর্থন নিয়ে আলোচনা করবেন। এই প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ‘আমরা ন্যাটোতে যোগদানের বিষয়ে আলোচনা করব। তবে এটি কিভাবে এগোবে, তা আমি জানি না।’
ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি বলেন, তিনি ট্রাম্পকে ইউক্রেনের একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখতে চান। কিয়েভ ও মস্কোর মধ্যে মধ্যস্থতার চেয়ে তিনি মার্কিন প্রেসিডেন্টের বড় ভূমিকা দেখতে চান। তিনি বলেন, ‘আমি চাই এটি কেবল মধ্যস্থতা না হয়ে, আরো কিছু হোক… এটি একান্ত প্রয়োজনীয়।’
সম্প্রতি ট্রাম্প ইউক্রেনকে একটি খনিজ চুক্তি করার প্রস্তাব দেন। এই চুক্তির মাধ্যমে, ইউক্রেন যুক্তরাষ্ট্রকে তার বিরল খনিজ সরবরাহ করবে। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, ‘আমরা এ বিষয়ে কিছু অগ্রগতি করেছি এবং খনিজ সরবরাহ করতে প্রস্তুত। তবে চুক্তি সম্পাদনের আগে, রাশিয়া যুদ্ধ বন্ধ করুক—এ বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিশ্চয়তা চাই।’

