নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী অ্যান্ড্রু বেইলি এক কর্মীর বাহুতে হাত রাখার ঘটনায় ‘অত্যাধিক কর্তৃত্বপূর্ণ’ আচরণের অভিযোগে পদত্যাগ করেছেন। তবে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বেইলি জানান, ঘটনাটি নিয়ে তিনি দুঃখিত। তবে সেটি কোনো তর্কের পরিস্থিতি ছিল না বরং উত্তেজনাপূর্ণ আলোচনা হচ্ছিল। তিনি বলেন, গত সপ্তাহে আমি এক কর্মীর সঙ্গে কাজ নিয়ে আলোচনা করছিলাম। উত্তেজনার এক পর্যায়ে তার বাহুতে হাত রাখি, যা সম্পূর্ণ অনুপযুক্ত ছিল।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানান, গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেইলি পদত্যাগপত্র জমা দেন। সংশ্লিষ্ট ঘটনা ঘটেছিল তার আগের মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। লাক্সন বলেন, সরকার এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে, যা দ্রুত এবং দৃষ্টান্তমূলক।
তবে বিরোধী লেবার নেতা ক্রিস হিপকিন্স এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করে বলেন, লাক্সন সরকারের মন্ত্রীদের জন্য যে আচরণবিধি নির্ধারণ করেছে, তা এতটাই শিথিল যে সেটি লঙ্ঘন করাই প্রায় অসম্ভব। তাছাড়া, বিষয়টি এক সপ্তাহ ধরে টানারও প্রয়োজন ছিল না।
বেইলি জানান, পদত্যাগের আগে তাকে পরিবারের সঙ্গে আলোচনায় বসতে হয়েছিল এবং গণমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে কথা বলা তার জন্য কঠিন হতো।

