সরকারি ব্যয়ের অপচয় রোধে দায়িত্বপ্রাপ্ত ইলন মাস্ক ফেডারেল কর্মচারীদের বরখাস্তের হুমকি দিয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তিনি কর্মচারীদের উদ্দেশ্যে ই-মেইল পাঠিয়ে তাদের কাজের যৌক্তিকতা প্রমাণের নির্দেশ দেন। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মচারীরা এই ই-মেইলের জবাব দিতে বাধ্য নন। সূত্র: রয়টার্স
ফেডারেল কর্মচারীদের তদারকি সংস্থা জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিনে পাঠানো মাস্কের ই-মেইল উপেক্ষা করা যেতে পারে। মাস্কের নির্দেশনা নিয়ে প্রশাসনের অভ্যন্তরে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং তার ক্ষমতার সীমা নিয়ে প্রশ্ন উঠেছে।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ও পররাষ্ট্র দপ্তরের ট্রাম্প-নিযুক্ত কর্মকর্তারা তাদের কর্মচারীদের ‘চেইন অব কমান্ড’-এর বাইরের কোনো ই-মেইলে সাড়া না দিতে নির্দেশনা দিয়েছেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কিছু সংস্থা কর্মীদের ই-মেইলের জবাব না দেয়ার পরামর্শ দিয়েছে।
সোমবার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্বীকার করেন, তার পরিকল্পনা প্রত্যাশিত ফলাফল আনতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “ই-মেইলের অনুরোধটি ছিল একেবারেই তুচ্ছ। কিছু শব্দ টাইপ করে পাঠানোই ছিল পরীক্ষার মানদণ্ড, তবুও অনেকে তা করতে ব্যর্থ হয়েছে। কিছু ক্ষেত্রে তাদের ব্যবস্থাপকরা এতে বাধা দিয়েছেন।”
এরপর তিনি আবারো বরখাস্তের হুমকি দিয়ে বলেন, “প্রেসিডেন্টের বিবেচনার ভিত্তিতে- তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বারও সাড়া না দিলে- তারা চাকরি হারাবে।”
হোয়াইট হাউস মাস্কের বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম) ফেডারেল সংস্থাগুলোর মানব সম্পদ কর্মকর্তাদের জানিয়েছে, কর্মচারীরা মাস্কের ই-মেইলের উত্তর দিতে বাধ্য নন এবং এ কারণে তাদের বরখাস্তও করা যাবে না। তবে মাস্ক এ বিষয়ে অবগত আছেন কিনা, তা স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ (এইচএইচএস) কর্মচারীদের সতর্ক করে বলেছে, ‘যদি উত্তর দেওয়া হয়, তবে তা যেন সাধারণ হয় এবং সংবেদনশীল তথ্য যেন প্রকাশ না করা হয়।’
ই-মেইল পর্যালোচনা করে রয়টার্স এর প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কর্মচারীদের পরামর্শ দিয়ে সেখানে বলা হয়েছিল— ধরে নিন, আপনি যা লিখবেন তা শত্রুভাবাপন্ন বিদেশী সংস্থাগুলোর হাতে পড়বে। সে অনুযায়ী আপনার উত্তর তৈরি করুন।
এদিকে, কিছু সংস্থা তাদের কর্মচারীদের মাস্কের আহ্বানে সাড়া দেওয়ার পরামর্শ দিয়েছে। এতে রিপাবলিকান প্রশাসনের সদস্যদের সঙ্গে মাস্কের সম্পর্কের টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

