জাতিসংঘে দুটি পৃথক ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরুর তিন বছর পর এই সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজে এমনটাই দেখা যায়।
প্রথম প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করে ইউরোপীয় দেশগুলো। এতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা ও দেশটির আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। তবে এ প্রস্তাবের বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যদিও শেষ পর্যন্ত ভোটাভুটিতে প্রস্তাবটি গৃহীত হয়।
এরপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আরেকটি প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। এতে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হলেও রাশিয়ার বিরুদ্ধে সরাসরি কোনো সমালোচনা ছিল না। এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় ওয়াশিংটন ও মস্কো।
নিরাপত্তা পরিষদে গৃহীত এই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ব্রিটেন ও ফ্রান্স ভোটদানে বিরত থাকে।
জাতিসংঘের সাধারণ পরিষদে ইউরোপীয় দেশগুলোর উত্থাপিত প্রস্তাবটি ৯৩ ভোটে পাস হয়। তবে যুক্তরাষ্ট্র এতে শুধু বিরত না থেকে সরাসরি বিপক্ষে ভোট দেয়।
অন্যদিকে রাশিয়া, ইসরায়েল, উত্তর কোরিয়া, সুদান, বেলারুশ, হাঙ্গেরিসহ মোট ১১টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। ৬৫টি দেশ ভোটদানে বিরত থাকে।
এরপরে ইউক্রেনের প্রতি সমর্থনের ভাষা যুক্ত করার পর যুক্তরাষ্ট্রের প্রস্তাব সাধারণ পরিষদে অনুমোদিত হয়। তবে সংশোধিত প্রস্তাবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ভোটদানে বিরত থাকে।
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১০টি দেশ মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়া ভোটদানে বিরত থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের এই অবস্থান কূটনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

