মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) চলমান সংঘাতে ৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় ডিআর কঙ্গোর প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া এই তথ্য জানান।
তিনি বলেন, সংঘাতের কেন্দ্রবিন্দু দেশটির পূর্বাঞ্চল, বিশেষ করে নর্থ কিভু ও সাউথ কিভু প্রদেশ।
প্রধানমন্ত্রী জানান, শুধুমাত্র নর্থ কিভুর রাজধানী গোমাতেই প্রায় ৩ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া পরিচয় শনাক্ত না করেই ২,৫০০ জনের বেশি লাশ দাফন করা হয়েছে এবং আরো ১,৫০০ জনের লাশ এখনও মর্গে রয়ে গেছে।
চলতি বছরের জানুয়ারি থেকে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহী গোষ্ঠী পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আক্রমণ চালিয়ে আসছে। বিদ্রোহীরা সম্প্রতি গোমা ও বুকাভুর মতো গুরুত্বপূর্ণ শহর দখল করেছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত আরো তীব্র হলে পুরো অঞ্চল সংকটে পড়তে পারে।
জেনেভায় সোমবারের ভাষণে সুমিনওয়া এই বিষয়ে বিশ্বকে পদক্ষেপ নিতে এবং ব্যাপকভাবে বাস্তুচ্যুতি ও প্রাণহানির ঘটনায় রুয়ান্ডার ওপর “কঠোর নিষেধাজ্ঞা” আরোপ করার আহ্বান জানান। তিনি বলেন, এই সংঘাতের শিকার লক্ষাধিক মানুষের আর্তনাদ এবং কান্নার বর্ণনা দেওয়া অসম্ভব।
জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস বলেন, ডিআরসি-এর সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। যত বেশি শহরের পতন হয়, আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি ততই বেড়ে যায়। বন্দুকগুলোকে নীরব করার সময় এসেছে।
ডিআর কঙ্গো, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো রুয়ান্ডার বিরুদ্ধে বিদ্রোহীদের অস্ত্র ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ তুললেও রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে।
জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার কারণে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রায় ৪০ হাজার মানুষ পাশের দেশ বুরুন্ডিতে পালিয়ে গেছে। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মত দিয়েছেন কঙ্গোর প্রধানমন্ত্রী।

