ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসনের তৃতীয় বর্ষপূর্তির আগে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যদি তার পদত্যাগ প্রয়োজন হয়, তবে তিনি তা করতে প্রস্তুত। সূত্র: বিবিসি
রোববার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘যদি প্রকৃত অর্থে শান্তি অর্জনের জন্য আমার পদত্যাগ করতে হয় এবং ন্যাটো সদস্যপদের বিনিময়ে এটি সম্ভব হয়, তবে আমি প্রস্তুত।’
জেলেনস্কির এই মন্তব্য এসেছে এমন এক সময়- যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘অনির্বাচিত স্বৈরশাসক’ হিসেবে আখ্যা দিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেন, ‘আমি অপমানিত হইনি, তবে একজন স্বৈরশাসক হলে হয়তো অপমানিত হতেন।’
২০১৯ সালের মে মাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জেলেনস্কি আরো বলেন, তিনি ইউক্রেনের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির ওপর গুরুত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার কোনো পরিকল্পনা নেই।
উল্লেখ্য- ইউক্রেনীয় সংবিধান অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর দেশে সামরিক আইন জারি থাকায় নির্বাচন স্থগিত রয়েছে।
সোমবার জেলেনস্কি পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠক করেন। এই আলোচনার অংশ হিসেবে কিয়েভে কিছু বৈঠক সরাসরি অনুষ্ঠিত হয় এবং কিছু ভার্চুয়ালি। বৈঠকে যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হয়, যেখানে যুক্তরাষ্ট্র সরাসরি ভূমিকা রাখবে না।
এ প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ইউক্রেনের ন্যাটো সদস্যপদের বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। তবে আলোচনার ফলাফল কী হবে, তা এখনই বলা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠকের মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন আসতে পারে।
ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে মন্তব্য করতে গিয়ে জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান, কেবল কিয়েভ ও মস্কোর মধ্যস্থতাকারী হিসেবে নয়।
এদিকে, হোয়াইট হাউস জানিয়েছে, তারা ইউক্রেনকে যে সামরিক সহায়তা প্রদান করেছে এবং ভবিষ্যতেও করবে, তার বিনিময়ে ইউক্রেনের প্রাকৃতিক খনিজ সম্পদের ওপর প্রবেশাধিকার চায় যুক্তরাষ্ট্র।
তবে এ বিষয়ে জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের সহায়তা এখন পর্যন্ত অনুদান হিসেবেই গ্রহণ করা হয়েছে, ঋণ হিসেবে নয়।’
তিনি আরো জানান, তিনি এমন কোনো নিরাপত্তা চুক্তিতে সম্মতি দেবেন না, যা ভবিষ্যত প্রজন্মের ওপর অতিরিক্ত বোঝা তৈরি করবে।

