ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তির লক্ষ্যে ওয়াশিংটনে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তি “বৃহৎ পরিসরের” হতে পারে।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে দেখা যায়, উভয় দেশ একটি খনিজ সম্পদ ব্যবস্থাপনা চুক্তিতে সম্মত হয়েছে। ধারণা করা হচ্ছে- এই চুক্তির মাধ্যমে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটতে পারে।
কিয়েভের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, চুক্তির আওতায় ইউক্রেন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইউক্রেনের খনিজ সম্পদ ব্যবস্থাপনা করবে। এই সম্পদ থেকে প্রাপ্ত আয় একটি নতুন তহবিলে রাখা হবে- যা উভয় দেশ ভাগ করে নেবে।
এর আগে জেলেনস্কি ট্রাম্পের খনিজ সম্পদ সংক্রান্ত দাবিকে প্রত্যাখ্যান করেছিলেন। ট্রাম্প দাবি করেছিলেন, ইউক্রেনের ৫০ হাজার কোটি ডলারের বেশি মূল্যের খনিজ সম্পদ ও ছয় হাজার কোটি ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের পাওনা। তবে সাম্প্রতিক আলোচনায় তিনি বলেছেন, এটি “ট্রিলিয়ন ডলারের” চুক্তি হতে পারে।
চুক্তিতে নিরাপত্তা গ্যারান্টির কোনো উল্লেখ নেই, যদিও ইউক্রেন তা দাবি করেছিল। চুক্তিতে শুধু নিরাপত্তা বিষয়ক সাধারণ উল্লেখ থাকলেও যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্ট করা হয়নি। দুই প্রেসিডেন্ট এ বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
ট্রাম্প আরো বলেছেন, ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি প্রয়োজন। কিছু ইউরোপীয় দেশ সেখানে শান্তিরক্ষী মোতায়েন করতে চায়।
সোমবার তিনি জানান, মস্কোর এতে আপত্তি নেই, তবে মঙ্গলবার ক্রেমলিন থেকে জানানো হয়, রাশিয়া এই পরিকল্পনার বিরোধিতা করছে।
ট্রাম্পের প্রেসিডেন্সির সময় যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্ক চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে ইউক্রেন আশা করছে যে, এই খনিজ সম্পদ চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে। কিয়েভের এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তিতে স্বাক্ষর হলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকবে- যা ইউক্রেনের জন্য অত্যন্ত জরুরি।

