স্পেনের তিন বন্ধু ইসলামের ৫০০ বছরের পুরোনো আন্দালুসীয় ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে ঘোড়ায় চড়ে হজযাত্রা করছেন। ইসলাম গ্রহণের পর এক বন্ধুর নেওয়া প্রতিজ্ঞার ফলে শুরু হয় এই ব্যতিক্রমী যাত্রা।
সাড়ে তিন মাস ধরে স্পেন থেকে যাত্রা করা আবদাল্লাহ হার্নান্দেজ, আবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করছেন। তাদের লক্ষ্য সৌদি আরবে পৌঁছে পবিত্র হজ পালন করা।
এই দীর্ঘ ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে তারা স্পেন থেকে ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টেনেগ্রো, কসোভো, উত্তর মেসিডোনিয়া, বুলগেরিয়া, গ্রিস ও তুরস্ক হয়ে সিরিয়ার মধ্য দিয়ে সৌদি আরবে পৌঁছানোর পরিকল্পনা করেছেন। সূত্র: আনাদোলু
ইস্তাম্বুল সাবাহাত্তিন জায়িম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এই তিন হজযাত্রী। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অনুষদের অধ্যাপক হুসেইন হুসনু কইউনোগলু বলেন, ‘ইস্তাম্বুল শত শত বছর ধরে হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ যাত্রাবিরতির স্থান ছিল।’
হজযাত্রী আবদাল্লাহ হার্নান্দেজ জানান, তিনি ২৪ বছর বয়সে ইসলাম সম্পর্কে জানতে পারেন। ভূগোল নিয়ে পড়াশোনার সময় বাইবেল ও কুরআন পাঠের মাধ্যমে কুরআনের আয়াতগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করে। একটি গুরুত্বপূর্ণ ভূগোল পরীক্ষার আগে তিনি প্রতিজ্ঞা করেন, যদি তিনি উত্তীর্ণ হন- তবে ইসলাম গ্রহণ করবেন। সফলভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পূর্বপুরুষদের মতো ঘোড়ায় চড়ে হজ পালনের সংকল্প করেন।
তার এই প্রতিজ্ঞা বাস্তবায়নে দুই বন্ধু আবদেলকাদের হারকাসি ও তারিক রদ্রিগেজ শামিল হন। তাদের যাত্রার লজিস্টিক সহায়তায় স্পেনে বসবাসরত নির্মাণকর্মী বউচাইব জাদিল গাড়ি নিয়ে সহযোগিতা করছেন।
হজযাত্রী আবদেলকাদের হারকাসি বলেন, ‘আমরা একটি হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনর্জীবিত করতে পেরে আনন্দিত।’
এই যাত্রার জন্য তারা দীর্ঘদিন ধরে অর্থ সঞ্চয় ও প্রশিক্ষণ নিয়েছেন। যাত্রাপথের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা সম্পর্কে হারকাসি বলেন, ‘আমরা অনেক হাস্যকর মুহূর্তের সম্মুখীন হয়েছি- আবার রোমাঞ্চকর অভিজ্ঞতাও অর্জন করেছি। আমরা বিশ্বাস করি, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। পরিশুদ্ধ নিয়তে যাত্রা করছি, আমাদের লক্ষ্য একটাই- হজ সম্পন্ন করা।’
তিনি আরো বলেন, ‘আমরা ইতোমধ্যে পথের অর্ধেক পেরিয়ে এসেছি, ইনশাআল্লাহ বাকি পথও সহজ হবে।’
তারা চান রমজান মাস ইস্তাম্বুলে কাটাতে এবং ঐতিহাসিক স্থাপনা সুলতান আহমেদ মসজিদ ও আয়াসোফিয়া গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করতে।
এই ঐতিহ্যবাহী যাত্রা মধ্যযুগের আন্দালুসীয় মুসলমানদের হজযাত্রার স্মৃতিকে ফিরিয়ে এনেছে এবং আধুনিক যুগে ইসলামী সংস্কৃতির প্রতি এক অনন্য শ্রদ্ধার নিদর্শন তৈরি করেছে।

