ভারতের মনিপুর রাজ্যে চলমান সংঘাতের মধ্যে রাজ্যের গভর্নর অজয় কুমার ভাল্লার আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহীদের একাংশ অস্ত্র জমা দেওয়া শুরু করেছে। সূত্র: এনডিটিভি
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মনিপুরে দুই বছর ধরে চলা সহিংস পরিস্থিতির পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যটিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। এরপর ২০ ফেব্রুয়ারি গভর্নর অজয় কুমার ভাল্লা বিদ্রোহীদের উদ্দেশে অস্ত্র সমর্পণের আহ্বান জানান এবং এজন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেন।
গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিলে বিদ্রোহীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে যারা এই সুযোগ গ্রহণ করবে না, তাদের বিরুদ্ধে সময়সীমা শেষ হওয়ার পর কঠোর অভিযান পরিচালনা করা হবে।
সময়ের শেষ প্রান্তে এসে বিদ্রোহীরা অস্ত্র সমর্পণ শুরু করেছে। সরকারি কর্মকর্তাদের বরাতে এনডিটিভি সূত্রে জানা যায়, ইতোমধ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা পড়েছে। এর মধ্যে রয়েছে ১২টি সিএমজি বন্দুক, ২টি পয়েন্ট ৩০৩ রাইফেল, ২টি এসএলআর রাইফেল, ৪টি এসবিবিএল রাইফেল, একাধিক ম্যাগাজিন, বিস্ফোরক এবং তাজা গুলি। এছাড়া বেশ কয়েকটি বুলেটপ্রুফ ভেস্টসহ অন্যান্য সামরিক সরঞ্জামও জমা দেওয়া হয়েছে।
মনিপুর রাজ্য প্রশাসন সমর্পণ করা অস্ত্র-গোলাবারুদের ছবি প্রকাশ করেছে। কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের বাকি দিনগুলোতে আরো অস্ত্র জমা পড়বে।
গভর্নরের আহ্বানে মনিপুরের সাধারণ জনগণও সমর্থন জানিয়েছে। রাজ্যের মুখ্য সচিব পিকে সিং এক বিবৃতিতে জানিয়েছেন, যারা সশস্ত্র রাজনীতি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের জন্য এটি একটি ‘সুবর্ণ সুযোগ’।

