থাইল্যান্ডে শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে দেখা যায়, বাসটিতে প্রায় ৪৯ জন আরোহী ছিলেন, যারা শিক্ষাসফরে যাচ্ছিলেন।
কর্নেল সোফোন ফ্রামানেহে জানান, দুর্ঘটনাটি ঘটে একটি ঢালু রাস্তার ওপর, যেখানে বাসটির ব্রেক ফেল করায় চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে যায়। নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং থাইল্যান্ডের নাগরিক।
দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, রাজধানী ব্যাংকক থেকে প্রায় ১৫৫ কিলোমিটার পূর্বে প্রচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন।
এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। যানবাহনের মানদণ্ড লঙ্ঘন বা বেপরোয়া চালনার প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

