মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্ব প্রাপ্তির একটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন। ‘গোল্ড কার্ড’ নামে পরিচিত এই নতুন ব্যবস্থাটি বিদ্যমান ইবি-ফাইভ ভিসা কর্মসূচির পরিবর্তে চালু করা হবে এবং এটি মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ সুগম করবে।
ট্রাম্প জানিয়েছেন, গোল্ড কার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকার সমপরিমাণ। এই ব্যবস্থার আওতায় বিদেশি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, যা যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান তৈরিতে সহায়ক হবে।
বর্তমানে ইবি-ফাইভ ইমিগ্রান্ট ইনভেস্টর প্রোগ্রাম পরিচালনা করছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। এটি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের অধীনে পরিচালিত হয়। ইউএসসিআইএস-এর ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ১৯৯০ সালে মার্কিন কংগ্রেস এই কর্মসূচি চালু করেছিল, যার মূল লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগ আকর্ষণ করে কর্মসংস্থান তৈরি করা।
এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি, যার মূল্য হবে ৫০ লাখ ডলার। এটি গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং নাগরিকত্ব পাওয়ার একটি নতুন পথ হয়ে উঠবে। ধনী ব্যক্তিরা এই কার্ডটি কিনে যুক্তরাষ্ট্রে আসতে পারবেন।’
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, রুশ ধনকুবেররাও এই কার্ডের জন্য বিবেচিত হতে পারেন? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রুশ ধনকুবেরকে চিনি, যাঁরা বেশ দারুণ মানুষ।’
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, বিদ্যমান ইবি-ফাইভ কর্মসূচি জালিয়াতি ও দুর্নীতিতে পরিপূর্ণ এবং কম খরচে গ্রিন কার্ড পাওয়ার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই ট্রাম্প প্রশাসন এই পুরনো ব্যবস্থার পরিবর্তে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ চালু করতে যাচ্ছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে এই পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

