জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন পাকিস্তানের আইনমন্ত্রী আজম নাজির তারার। তিনি কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে ভারতের উপস্থিতিকে ‘‘অবৈধ দখল’’ বলে উল্লেখ করেন।
তবে পাকিস্তানের এই অভিযোগ প্রত্যাখ্যান করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি কে ত্যাগী। তিনি পাকিস্তানের দাবিকে ‘‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’’ বলে আখ্যা দেন। ত্যাগী বলেন, পাকিস্তানের নেতারা সেনাবাহিনীর ইশারায় ভিত্তিহীন অভিযোগ তুলছেন। আসলে, এটি একটি ব্যর্থ রাষ্ট্র, যা আন্তর্জাতিক সহায়তা ছাড়া টিকে থাকতে পারে না।
পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন ত্যাগী। তিনি বলেন, একটি দেশ, যেখানে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, সংখ্যালঘুদের উপর নির্যাতন চলে এবং রাষ্ট্রসংঘের নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদীদের আশ্রয় দেওয়া হয়, তাদের অন্য কাউকে মানবাধিকার নিয়ে উপদেশ দেওয়ার নৈতিক অধিকার নেই।
জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে ত্যাগী বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ।
তিনি আরো দাবি করেন, সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।
পাকিস্তানের দিকে পাল্টা অভিযোগ তুলে ত্যাগী বলেন, দীর্ঘদিন ধরে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদে ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভারত সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

