সীমাহীন জ্বালানির সম্ভাব্য উৎসের সন্ধান পেয়েছে চীন। দেশটির বিজ্ঞানীদের দাবি, এই জ্বালানির মজুত এত বিশাল যে, তা দিয়ে আগামী ৬০ হাজার বছর বিদ্যুৎ উৎপাদন সম্ভব। চীনের ভূবিজ্ঞানীদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে অনলাইন ডেইলি মেইল।
বেইজিংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, ইনার মঙ্গোলিয়ায় বায়ান ওবো খনিজ কমপ্লেক্সে বিপুল পরিমাণ থোরিয়ামের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিমাণ থোরিয়াম যথাযথভাবে কাজে লাগানো গেলে। এটি চীনের প্রতিটি ঘরের বিদ্যুৎ চাহিদা দীর্ঘমেয়াদে মেটাতে সক্ষম হবে।
থোরিয়াম একটি স্বল্পমাত্রার তেজস্ক্রিয় উপাদান, যা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা যায়। এটি মূলত মল্টেন-সল্ট রিঅ্যাকটর প্রযুক্তিতে ব্যবহৃত হয়- যা অসীম পরিমাণ বিদ্যুৎ উৎপাদনে সক্ষম বলে মনে করছেন বিজ্ঞানীরা। গবেষকদের মতে, যদি এই খনির সম্পূর্ণ থোরিয়াম উত্তোলন করা যায়, তবে এর পরিমাণ হবে প্রায় ১০ লাখ টন।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, থোরিয়ামের এই বিশাল মজুত শুধু চীনের নয় বরং গোটা বিশ্বের জ্বালানি চাহিদায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। বিজ্ঞানীরা বলছেন, ইনার মঙ্গোলিয়ার একটি লোহার আকরিক খনি থেকে পাঁচ বছরে যে পরিমাণ খনিজ বর্জ্য পাওয়া যাবে। তাতেই এত বেশি থোরিয়াম থাকবে যে- তা দিয়ে যুক্তরাষ্ট্রের এক হাজার বছরের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব।
বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও জীবাশ্ম জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় মাথায় রেখে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র পারমাণবিক জ্বালানির বিকল্প খুঁজছে। গবেষণায় দেখা গেছে, চীনের অন্তত ২৩৩টি স্থানে থোরিয়ামের মজুত রয়েছে, যা আগের অনুমানের চেয়ে অনেক বেশি। প্রচলিত পারমাণবিক চুল্লিতে সাধারণত ইউরেনিয়াম-২৩২ ব্যবহার করা হয়।
তবে বিজ্ঞানীরা বলছেন, চীনের বর্তমান থোরিয়াম মজুত ইউরেনিয়ামের তুলনায় অন্তত ৫০০ গুণ বেশি কার্যকর হতে পারে।
পারমাণবিক চুল্লিতে সাধারণত তেজস্ক্রিয় উপাদানকে ফিশন বা বিগলন প্রক্রিয়ায় শক্তিতে রূপান্তরিত করা হয়। থোরিয়াম নিজে থেকে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারে না, তবে এটি ‘উর্বর’ উপাদান। অর্থাৎ নির্দিষ্ট নিউট্রনের সংঘর্ষে এটি ইউরেনিয়াম-২৩৩-তে রূপান্তরিত হয়ে শক্তি উৎপাদন করতে পারে।
মল্টেন-সল্ট রিঅ্যাকটরে থোরিয়ামকে লিথিয়াম ফ্লোরাইডের সঙ্গে মিশিয়ে প্রায় ১৪০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয়। এরপর নিউট্রনের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে এটি ইউরেনিয়াম-২৩২-তে রূপান্তরিত হয় এবং এক পর্যায়ে ফিশন বিক্রিয়ার মাধ্যমে বিশাল পরিমাণ শক্তি উৎপাদন করে। এই পদ্ধতি ব্যবহার করে দীর্ঘমেয়াদে প্রায় সীমাহীন জ্বালানি উৎপাদন করা সম্ভব বলে মনে করছেন গবেষকরা।
বিশেষজ্ঞরা বলছেন, থোরিয়ামের এই বিপুল মজুত ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে চীন শুধু নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে না বরং গোটা বিশ্বের জ্বালানি বাজারেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। এটি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার পথ প্রশস্ত করতে পারে।
এই আবিষ্কারের ফলে ভবিষ্যতে চীন বৈশ্বিক জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

