ভয়াবহ রেল দুর্ঘটনার দুই বছর পূর্তিতে ব্যাপক বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গ্রিস। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানী এথেন্সসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। দেশজুড়ে পালিত হয় ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। কিছু এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এর পূর্বে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি ভয়াবহ এক ট্রেন দুর্ঘটনায় কেঁপে ওঠে গ্রিস। যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষে প্রাণ হারান ৫৭ জন, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। এই দুর্ঘটনাকে দেশটির অব্যবস্থাপনার প্রতীক হিসেবে দেখছেন সাধারণ জনগণ।
এথেন্সের সিন্টাগমা স্কয়ারে নিহতদের স্মরণে লাল রঙে তাদের নাম লিখে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এক নিহত নারীর শেষ কথা “আমি অক্সিজেন পাচ্ছি না”– পরিণত হয়েছে বিক্ষোভের প্রধান স্লোগানে।
শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভ একপর্যায়ে সহিংস হয়ে ওঠে। কিছু যুবক পুলিশের দিকে পেট্রল বোমা ছুড়লে পুলিশ টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। রাজধানী এথেন্সের পাশাপাশি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতেও সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের সরকারকে এই ঘটনার জন্য দায় এড়িয়ে যাওয়ার অভিযোগে সমালোচনা করা হচ্ছে। সরকার বলছে, দুর্ঘটনার তদন্ত বিচার বিভাগের দায়িত্ব, তবে বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ এনে পদত্যাগের দাবি তুলেছে।
এক জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ গ্রিক নাগরিক এই দুর্ঘটনাকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দেখছেন এবং ৬৬ শতাংশ মানুষ তদন্ত নিয়ে অসন্তুষ্ট।
বিক্ষোভের সমর্থনে দেশজুড়ে পালিত হয় ২৪ ঘণ্টার সাধারণ ধর্মঘট। এতে বিমান চলাচল, রেল ও সমুদ্র পরিবহনসহ বিভিন্ন পরিষেবা বন্ধ ছিল।
বিক্ষোভকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “আমরা ন্যায়বিচার চাই। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি হত্যা!”

