তিন দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলের বিরুদ্ধে লড়ছে জাপান। দেশটির উত্তরাঞ্চলীয় ইওয়াতে এলাকার ওফুনাতোর বনাঞ্চলে সৃষ্ট এ দাবানল এখন পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ হেক্টর (৩,০০০ একর) এলাকা গ্রাস করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর এক হাজার ৭০০ কর্মী মোতায়েন করা হয়েছে।
জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, দাবানলটির মাত্রা এত বড় যে এটি ১৯৯২ সালে হোক্কাইডোর কুশিরোতে হওয়া দাবানলকেও ছাড়িয়ে গেছে। ওই সময় ১ হাজার ৩০ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল।
দেশটির সরকারি সম্প্রচার সংস্থা এনএইচকে প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা গেছে, ঘন সাদা ধোঁয়ায় একটি পাহাড় ঢেকে গেছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত ১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, একজন পুড়ে যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দাবানলের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইয়ামানাশি ও ইওয়াতের আরও দুটি স্থানে নতুন দাবানল দেখা দিয়েছে।
সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে দেশটিতে ১ হাজার ৩০০ দাবানল রেকর্ড করা হয়, যার বেশিরভাগই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ঘটেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই সময় বাতাস শুষ্ক থাকার পাশাপাশি গতি বাড়ার কারণে দাবানলের ঝুঁকি বেশি থাকে।
ওফুনাতোতে চলতি ফেব্রুয়ারিতে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ১৯৬৭ সালের ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টির তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এছাড়া গত বছর ছিল জাপানের ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর।

