ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে ছয় সপ্তাহের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। মুসলমানদের পবিত্র রমজান ও ইহুদিদের পাসওভার উৎসবকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ গতকাল মধ্যরাতে শেষ হয়। এরপরই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেয়।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী, গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের অর্ধেককে প্রথম দিনেই মুক্তি দেওয়া হবে। মুক্তিপ্রাপ্তদের মধ্যে জীবিত ও মৃত উভয় ধরনের জিম্মি থাকতে পারেন।
যদি একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হয়, তাহলে বাকিদেরও মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ইসরায়েল সরকারের এই সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু একটি বিশেষ বৈঠক আহ্বান করেন। চার ঘণ্টার দীর্ঘ আলোচনা শেষে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মতি দেয় ইসরায়েলি মন্ত্রিসভা।
অন্যদিকে, হামাস গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হবে, এমন নিশ্চয়তা ছাড়া তারা প্রথম ধাপের মেয়াদ বৃদ্ধিতে সম্মত নয়।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় প্রথম দফায় ৪২ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

