যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। রোববার লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে অনুষ্ঠিত বৈঠকে স্টারমার ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
বৈঠকে জেলেনস্কি বলেন, যুক্তরাজ্যের মতো বন্ধুর সমর্থন পেয়ে ইউক্রেন আনন্দিত। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক বাকবিতণ্ডায় রূপ নেয়। এরপরই তিনি যুক্তরাজ্যে আসেন।
যুক্তরাজ্য ইউক্রেনকে সামরিক সরঞ্জাম কেনার জন্য ২.২৬ বিলিয়ন পাউন্ডের ঋণ অনুমোদন করেছে, যা রাশিয়ার জব্দকৃত সম্পদের মুনাফা থেকে পরিশোধ করা হবে। এই অর্থ দিয়ে ইউক্রেনের অস্ত্র উৎপাদন করা হবে বলে জানান জেলেনস্কি। তিনি বলেন, “যুদ্ধ শুরু করেছে রাশিয়া, তাই তাদেরই এর মূল্য দিতে হবে।”
এদিন স্টারমার ট্রাম্প ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও আলোচনা করেন। রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের এক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ইউক্রেন যুদ্ধ ও ইউরোপের প্রতিরক্ষা কৌশল নিয়ে আলোচনা হবে। এছাড়া জেলেনস্কি ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ওয়াশিংটনে সাম্প্রতিক উত্তপ্ত বৈঠকের পর জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছেন। স্টারমারও ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সেতুবন্ধন তৈরির উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ইউরোপীয় প্রতিরক্ষা থেকে সরে আসার প্রবণতার পরিপ্রেক্ষিতে।
স্টারমার ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় রাজা চার্লসের এক চিঠি হস্তান্তর করেন, যেখানে ট্রাম্পকে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে ব্রিটিশ পার্লামেন্টের স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) এমপিরা এই আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। বিশেষত: ওভাল অফিসের বাকবিতণ্ডার পর।
ডাউনিং স্ট্রিটে উপস্থিত সমর্থকদের উদ্দেশে স্টারমার বলেন, যুক্তরাজ্যের জনগণ ইউক্রেনের পাশে রয়েছে। জবাবে জেলেনস্কি বলেন, আপনাদের সহায়তা যুদ্ধের শুরু থেকেই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার ইউরোপীয় সম্মেলনে প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পাবে। ট্রাম্প প্রশাসন ইউরোপকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করছে, যা ইউক্রেন ও ইউরোপের জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।
স্টারমার ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে ব্রিটিশ সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি বলেন, এটি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন।
যুক্তরাজ্যে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন আমাদের জন্য জরুরি। তিনি যুদ্ধের অবসান চান কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ শান্তি চায় না।

