ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা করেছে যে, গাজার উদ্দেশ্যে পাঠানো সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার ইসরায়েলের যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, যখন দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা এখনো চলছে।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, “প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন যে, আজ সকাল থেকে গাজায় কোনো পণ্য বা সরবরাহ প্রবেশ করতে দেওয়া হবে না।” একই সঙ্গে হামাসকে দোষারোপ করে বলা হয়, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
যতক্ষণ না আমাদের সকল বন্দি মুক্তি পাচ্ছে, ইসরায়েল কোনো যুদ্ধবিরতি হতে দেবে না, বিবৃতিতে জানানো হয়। যদি হামাস তাদের অনমনীয় অবস্থান বজায় রাখে, তাহলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একজন ইসরায়েলি সূত্র জানিয়েছে, গাজায় ত্রাণ সরবরাহ বন্ধের এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হয়েছে।
অন্যদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, গাজায় ত্রাণ প্রবেশ বন্ধের নেতানিয়াহুর সিদ্ধান্ত একটি নির্লজ্জ ব্ল্যাকমেইল, যুদ্ধাপরাধ এবং স্বাক্ষরিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
হামাস আরো জানায়, আমরা চুক্তির তিনটি ধাপ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি এবং দ্বিতীয় ধাপের আলোচনার জন্য আমাদের প্রস্তুতির কথা বারবার জানিয়েছি। একই সঙ্গে সংগঠনটি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন “ইসরায়েলের প্রতি পক্ষপাতদুষ্ট মনোভাব বন্ধ করে।”

