দক্ষিণ বলিভিয়ার উয়ুনি শহরের কাছে শনিবার (১ মার্চ) দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু এবং ছয়জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরো ৪১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা কর্নেল উইলসন ফ্লোরেস জানিয়েছেন, দুর্ঘটনাটি সরু দ্বিমুখী রাস্তায় ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি বাসের চালক মদ্যপান অবস্থায় দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং বিপরীত লেনে গিয়ে অন্য বাসের সঙ্গে সংঘর্ষে জড়ান।
নিহত বিদেশি নাগরিকদের মধ্যে পাঁচজন পেরুর এবং ১ জন তিন বছর বয়সী জার্মান শিশু। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বলিভিয়ায় সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হলেও এটিই চলতি বছরের সবচেয়ে ভয়াবহ বাস দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সরকারি তথ্য অনুসারে, দেশটিতে প্রতি বছর প্রায় ১,৪০০ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়।

