পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি এই আহ্বান জানিয়েছেন তিনি। দেশটির সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতাকে জোরদার করার প্রয়োজনীয়তা উল্লেখ করে।
ইমরান খানের নামে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এই আহ্বান জানানো হয়। ‘ইমরান খান রাইটস ফ্রম প্রিজন: হোয়াই দ্য ওয়ার্ল্ড মাস্ট পে এটেনশন টু পাকিস্তান’ শিরোনামের ওই লেখায় কারাবন্দী ইমরান খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর ‘রাজনৈতিক প্রত্যাবর্তনের’ জন্য অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে এবং দেশটিকে সংঘাত ও চরমপন্থার দিকে ধাবিত করা থেকে বিরত রাখবে।
তবে এই নিবন্ধটি ইমরান খান নিজে লিখেছেন কি না। কিংবা এটি কীভাবে টাইম ম্যাগাজিনে প্রকাশিত হলো। সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নিবন্ধে ইমরান খান পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং গণতন্ত্রের জন্য তাঁর চলমান লড়াইয়ের কথা তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, পাকিস্তানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষায়, এটি কেবল তাঁর ব্যক্তিগত লড়াই নয় বরং পুরো দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট।
ইমরান খান পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে দেশটির ইতিহাসের অন্যতম সংকটময় সময় বলে উল্লেখ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, পাকিস্তানের কৌশলগত গুরুত্ব বিবেচনায় রেখে তারা যেন এই সংকটকে গুরুত্ব সহকারে দেখে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
ইমরান খান তার নিবন্ধে অভিযোগ করেছেন, পাকিস্তানের বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রমকে উপেক্ষা করছে। বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের মতো অঞ্চলগুলোতে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। অথচ সরকার এই ইস্যুগুলোতে যথাযথ পদক্ষেপ নিচ্ছে না। বরং রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতেই বেশি মনোযোগী হয়ে উঠেছে।
এছাড়া, তিনি বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করারও অভিযোগ করেছেন। তাঁর দাবি, আদালতকে ব্যবহার করে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। যা দেশের বিচার ব্যবস্থার স্বাভাবিক স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।
ইমরান খানের মতে, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক সংকট কেবল দেশটির অভ্যন্তরীণ সমস্যা নয়। বরং এটি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে। যাতে দেশটির গণতন্ত্র ও আইনের শাসন টিকে থাকে।
ইমরান খানের এই আহ্বান পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে তাঁর এই বক্তব্য আসলেই কতটা প্রভাব ফেলবে, সেটি সময়ই বলে দেবে।

