যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেন। লন্ডনের ল্যাংকেস্টার হাউসে অনুষ্ঠিত এক সম্মেলনের পর এই ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। একই দিনে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও সাক্ষাৎ করেন। সূত্র: বিবিসি
এর আগে শুক্রবার ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরের কথা থাকলেও তা সম্ভব হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় উভয় নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ঘটে। যারফলে তাদের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয় এবং জেলেনস্কিকে হোয়াইট হাউস ছাড়তে বলা হয়।
লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে জেলেনস্কিকে চুক্তিটির ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, চুক্তিটি স্বাক্ষরের জন্য প্রস্তুত- এখন এটি মন্ত্রীদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরো বলেন, যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে, তাহলে চুক্তি স্বাক্ষর হবে।
এদিকে ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফরাসি সংবাদমাধ্যমগুলো এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। এ বিষয়ে জানতে চাইলে জেলেনস্কি বলেন, আমি এই বিষয়ে সবকিছু জানি।
লন্ডন সম্মেলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি লেখেন, এখানে আমরা ইউক্রেন, আমাদের জনগণ, সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের প্রতি দৃঢ় সমর্থন অনুভব করেছি। তিনি আরো বলেন, প্রকৃত শান্তি ও নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে আমরা ইউরোপের দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করছি।
নিরাপত্তা নিশ্চয়তা প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ইউক্রেন বিশ্বাস করে, একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনীই নিরাপত্তা নিশ্চয়তার সর্বোত্তম উপায়। আমি নিশ্চিত- প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও এ বিষয়ে একমত।
সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমার বলেন, ইউক্রেনকে সহায়তার জন্য নতুন চুক্তি আরো কার্যকর হতে হবে। তিনি জানান, সম্মেলনে চারটি মূল বিষয়ে ঐকমত্য হয়েছে: ইউক্রেনের সামরিক সহায়তা অব্যাহত রাখা, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা, ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার লক্ষ্যে ইউরোপীয় নেতাদের উদ্যোগ নেওয়া।
এছাড়া ইউক্রেনকে ১৬০ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্টারমার। এই অর্থ দিয়ে ইউক্রেনের জন্য পাঁচ হাজারের বেশি ক্ষেপণাস্ত্র কেনা হবে বলে জানিয়েছেন তিনি।

