যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিতে চলেছেন। ক্ষমতা গ্রহণের পর গত কয়েক সপ্তাহে তাঁর নেওয়া নীতি ও সিদ্ধান্তে মার্কিনিদের নেতিবাচক মনোভাব আরো বেড়েছে বলে জানিয়েছে সিএনএনের সাম্প্রতিক এক জরিপ।
গবেষণা সংস্থা এসএসআরএস পরিচালিত এই জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা ও দেশ পরিচালনার বিষয়ে জনমত বিশ্লেষণ করা হয়েছে। জরিপে তিনটি মূল বিষয় বিবেচনায় নেওয়া হয়—
১. ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি জনসমর্থন
2. তিনি যেসব বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন, সেগুলো যথাযথ কি না
3. তার নীতি দেশকে সঠিক পথে পরিচালিত করছে কি না
জরিপের ফলাফল-
জরিপে অংশগ্রহণকারী ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের কর্মকাণ্ডের সঙ্গে একমত নন, বিপরীতে ৪৮ শতাংশ একমত প্রকাশ করেছেন।
এটি ট্রাম্পের জন্য ইতিবাচক না হলেও গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে করা সিএনএনের আরেকটি জরিপের তুলনায় সামান্য উন্নতি দেখা গেছে।
রিপাবলিকানদের সমর্থন অব্যাহত-
জরিপে দেখা গেছে, রিপাবলিকানদের মধ্যে ট্রাম্প এখনো ব্যাপক জনপ্রিয়।
- ৯০ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের নীতির প্রতি সমর্থন জানিয়েছেন।
- তবে ৯০ শতাংশ ডেমোক্র্যাট ট্রাম্পের দেশ পরিচালনার সঙ্গে একমত নন।
অন্যদিকে নিরপেক্ষ বা স্বাধীন ভোটারদের মধ্যে ৬০ শতাংশ ট্রাম্পের নীতির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন, যেখানে ৪১ শতাংশ তাঁকে সমর্থন করেছেন।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগেই জরিপ সম্পন্ন-
সিএনএনের জরিপটি গত শুক্রবারের আগেই শেষ হয়েছে, তাই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তীব্র বাগ্বিতণ্ডার ঘটনাটি এতে প্রতিফলিত হয়নি। ওই বৈঠক শেষ পর্যন্ত ভেস্তে যায়।
ট্রাম্পের গ্রহণযোগ্যতা কিছুটা বেড়েছে-
যদিও জরিপে বেশিরভাগ মার্কিনি ট্রাম্পের নীতি ও দেশ পরিচালনার সঙ্গে একমত নন, তবে তাঁর গ্রহণযোগ্যতা প্রথম মেয়াদের তুলনায় কিছুটা বেড়েছে।
আগামীকাল মঙ্গলবার রাতে কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের ভাষণ গুরুত্বপূর্ণ হতে পারে, যেখানে তিনি জনগণের মনোভাব পরিবর্তনের চেষ্টা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

