নিয়োগ নিয়ে দীর্ঘ বিতর্কের পর অবশেষে ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিচার বিভাগের প্রধানের ‘উপদেশ’ মেনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ নিজের পদত্যাগপত্র পোস্ট করেন তিনি।
পদত্যাগপত্রে জারিফ জানান, গত নয় মাস ধরে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে নিবেদিতভাবে কাজ করেছেন তিনি। তবে ছয় মাস ধরে তাঁকে ও তাঁর পরিবারকে অপমান, অপবাদ এবং হুমকির সম্মুখীন হতে হয়েছে।
জারিফকে কৌশলগত পরামর্শদাতা হিসেবে বেছে নিয়েছিলেন সংস্কারপন্থী প্রেসিডেন্ট পেজেশকিয়ান। যিনি নির্বাচনী প্রচারের সময় জারিফের সমর্থন পেয়েছিলেন। তবে ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাঁর নিয়োগের পর থেকেই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকেই অভিযোগ তোলেন, জারিফের সন্তানরা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করায় সংবিধান লঙ্ঘন করে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জারিফ আট বছর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে পশ্চিমাদের সঙ্গে হওয়া ইরানের ঐতিহাসিক পরমাণু চুক্তিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়কে নিজের ৪০ বছরের রাজনৈতিক জীবনের ‘সবচেয়ে তিক্ত’ সময় বলে উল্লেখ করেছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘জাতীয় স্বার্থ রক্ষায় ছোটখাটো ভূমিকা রাখায় আমি চার দশক ধরে নানা অপমান ও অভিযোগ সহ্য করেছি। আরোপিত যুদ্ধের অবসান থেকে সফল পরমাণু চুক্তি পর্যন্ত, আমি সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছি। কিন্তু অব্যাহত মিথ্যা প্রচারণা ও বিকৃত তথ্যের কারণে আমার পক্ষে আর নীরব থাকা সম্ভব নয়।’
জারিফ জানান, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি এজেই তাঁকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারকে আরও চাপের মুখে না ফেলতে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার পরামর্শ দেন।
পদত্যাগপত্রে জারিফ আরও বলেন, ‘আমি আশা করি, আমার পদত্যাগের ফলে জনগণের ইচ্ছা ও সরকারের সাফল্যের পথে থাকা বাধাগুলো দূর হবে।’
তাঁর পদত্যাগের গুঞ্জন আগেও শোনা গিয়েছিল কিন্তু সে সময় তিনি তা অস্বীকার করেছিলেন। এবার পদত্যাগপত্র জমা দিলেও প্রেসিডেন্ট পেজেশকিয়ানের কার্যালয় এখনও আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করেছে কি না, তা নিশ্চিত করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকারের ওপর চাপ কমাতেই এটি গৃহীত হতে পারে।
জারিফের পদত্যাগ এমন এক সময় এলো, যখন ইরানের সরকার নানা সংকটের মুখে রয়েছে। এর আগের দিনই অনাস্থা ভোটে অর্থমন্ত্রী আবদোলনাসের হেম্মতিকে বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছিল। যার ফলে দেশটির মুদ্রার মান রেকর্ড পরিমাণ পতনের শিকার হয়।
জারিফের বিদায় ইরানের রাজনীতিতে নতুন মোড় আনবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে তাঁর পদত্যাগ সরকারের অভ্যন্তরীণ টানাপোড়েন আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে।

